প্রিন্ট এর তারিখঃ Nov 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 3, 2026 ইং
চার সমুদ্রবন্দরগুলো থেকে নামল সতর্ক সংকেত

ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা না থাকায় দেশের চার সমুদ্রবন্দর থেকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
আজ মঙ্গলবার (৩ নভেম্বর) সামুদ্রিক আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের সই করা সতর্কবার্তায় বলা হয়, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ অন্ধ্র উপকূল এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘মুরাসু’ আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে মঙ্গলবার ভোরে প্রবল ঘূর্ণিঝড় হিসেবে ভারতের দক্ষিণ অন্ধ্র উপকূল অতিক্রম করেছে। বর্তমানে এটি দক্ষিণ অন্ধ্র প্রদেশ ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থান করছে। ঘূর্ণিঝড়টি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে।
সতর্কবার্তায় আরও বলা হয়, সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা নেই। এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।
এদিকে মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি। এসব বন্দরে কোনো সংকেতও দেখাতে হবে না।
© সকল কিছুর স্বত্বাধিকার NNTV